নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ২২:১৫
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো শত্রুদের কাছ থেকে নিজেকে রক্ষার জন্য নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে মস্কো ‘ রোববার তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
টেলিগ্রাম অ্যাপে মেদভেদেভ লিখেছেন, ‘ধ্বংসের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছি আমরা। এগুলোর মধ্যে রয়েছে নতুন নীতির অস্ত্রও।’
তিনি লিখেছেন, ‘শুধু কিয়েভেই আমাদের শত্রুরা বসে নেই। তারা ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নাৎসির প্রতি আনুগত্য স্বীকারকারী আরও বেশ কিছু জায়গায় রয়েছে।’
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধানের দায়িত্বে থাকা মেদভেদেভ অস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত জানাননি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছেন, হাইপারসনিক অস্ত্রসহ নতুন ধরনের অস্ত্র উৎপাদন করছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিদ্যমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর পর থেকে ৫৭ বছর বয়সী মেদভেদেভ নিয়মিত সোশাল মিডিয়ায় ইউক্রেন ও পশ্চিমাবিরোধী পোস্ট দিয়ে যাচ্ছেন।
ইউডি/এ

