নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ, নাইটিঙ্গেল মোড়ে বন্ধ যান চলাচল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৩
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই কার্যালয়ের সামনে আসতে থাকেন বিএনপির কর্মী-সমর্থকরা। দেড়টার পর থেকে আসতে থাকে মিছিল। নির্ধারিত সময়ের পূর্বেই কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিক্ষোভ সমাবেশে সঞ্চালনার দায়িত্বে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

প্রতিবাদ সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া আরও বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যরা।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুলে সর্তক অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা রুখতে প্রস্তুত রাখা হয়েছে জল কামান।
ইউডি/এ

