কাতার বিশ্বকাপে আরেক সাংবাদিকের মৃত্যু, কারণ অজানা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৭:১৫
কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপ কাভারের সময় আরেকজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। ওই সাংবাদিকের নাম খালিদ আল-মিসলাম। তিনি কাতারের আল কাস টিভি চ্যানেলের চিত্রসাংবাদিক ছিলেন।
এ নিয়ে বিশ্বকাপ কাভার করার এই কয়েক দিনেই দেশটিতে দুইজন সাংবাদিকের মৃত্যু হলো।
কাতারের সংবাদমাধ্যম দ্য গালফ টাইমস তার মৃত্যুর সত্যতা টিভি কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে।
গালফ টাইমস তাদের এক প্রতিবেদনে কর্তৃপক্ষের ভাষ্যে বলেছে, ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ কাভার করার সময় হঠাৎ করেই কাতারি সাংবাদিক আল-মিসলামের মৃত্যু হয়েছে। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
কীভাবে তার মত্যু হয়েছে সেটি এখনও অপরিষ্কার। টেলিভিশন চ্যানেলটি তাদের এক সরাসরি অনুষ্ঠানে শুধু আল-মিসলামের মৃত্যুর বিষয়টিই জানিয়েছে।
আল-মিসলামের মৃত্যুর আগে গত ৯ ডিসেম্বর রাতে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ মাঠে গড়ালে মৃত্যু হয় প্রখ্যাত আমেরিকান ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়ালের। তিনি এলজিবিটিদের অধিকার আদায়ের জন্য পরিচিত ছিলেন। গ্রান্টের বয়স হয়েছিল ৪৯ বছর।
সংবাদমাধ্যম সিএনএন আজয়োকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে গ্রান্ট জানান তিনি অসুস্থ বোধ করছেন। এরপর তাকে দ্রুত সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হামাদ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বিবিসি তাদের এক প্রতিবেদনে বলেছে, গ্রান্টের মৃত্যু হার্ট অ্যাটাকে হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর দুদিন আগে তার জন্মদিন ছিল। তার জন্মদিনের পরের দিনই টুইটারে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন গত ১০ দিন ধরে তার শরীর খুব ভালো যাচ্ছে না। এমনকি তিনি ব্রঙ্কাইটিসে আক্রান্ত ছিলেন, সেটার অ্যান্টিবায়োটিক কোর্স চলছিল।
গ্রান্টের মৃত্যুতে শোক প্রকাশ করে ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো বলেন, গ্রান্ট ওয়াল ফুটবলকে অত্যন্ত ভালোবাসতেন। যারা বৈশ্বিক ফুটবল খেলা পছন্দ করেন তারা গ্রান্টের প্রতিবেদন মিস করবেন।
ইউডি/এ

