ইরান ও চীনের ২৫ বছর মেয়াদী চুক্তি বাস্তবায়ন শুরু
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
ইরান ও চীনের মধ্যকার যে দীর্ঘ ২৫ বছর মেয়াদী পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা শুরু হয়েছে। এজন্য চীনের একটি প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছে। যার নেতৃত্বে রয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হু চুনহুয়া।
চুক্তি বাস্তবায়নে চীনের প্রতিনিধি দল ইতোমধ্যে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির সঙ্গে সাক্ষাতও করেছেন।
পার্সটুডের প্রতিবেদন বলছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাতের পরে চীনের উপ-প্রধানমন্ত্রী ইরানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসময় চীন-ইরান মোট ১৬টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।
এই সমঝোতার মাধ্যমে ইরান ও চীনের নানা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। আর ২৫ বছর মেয়াদি এই সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয় গত বছরের মার্চে।
চুক্তি অনুযায়ী, ইরান ও চীন তেল, ব্যাংকিং, গ্যাস, বিনিয়োগ ও কৌশলগত নানা প্রকল্প গ্রহণ করবে। এসব নিয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছে ইরান।
ইরানের অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দুই পক্ষের বাণিজ্য শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে। আগামী বছর বাণিজ্যের মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে নানা প্রকল্পে সহযোগিতা যদি বৃদ্ধি পায়, তাহলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসবে বলে মত বিশেষজ্ঞদের।
ইউডি/এ

