পঞ্চগড়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২.২ ডিগ্রি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০৫
ঘন কুয়াশায় পঞ্চগড় জেলায় বেড়েছে শীতের তীব্রতা। শুরু হয়েছে ঠান্ডার প্রকোপ। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিগত কিছুদিন ধরে জেলাজুড়ে বইছে শীতল হাওয়া। যার ফলে শ্রমজীবী মানুষ চরম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। শিশু-বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকালও একই তাপমাত্রা রেকর্ড করা হয় । সামনের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, তীব্র শীতের কারণে শহরে গরম কাপড়ের দোকানে বেড়েছে মানুষের সমাগম। সকাল-সন্ধ্যা, শীতের পোশাকেও মানুষ কাঁপছে। সন্ধ্যায় শহরে পোড়া কাগজের আগুনে হাত গরম করতে দেখা যায় লোকজনকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে ঘন কুয়াশা। গত কয়েকদিনে পঞ্চগড়ে এমন চিত্র দেখা যাচ্ছে।
ইউডি/কেএস

