‘যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তারা করবে রাষ্ট্র মেরামত’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যাদের হাতে জাতির পিতা হত্যার রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত? পাঁচবার যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তারা করবে রাষ্ট্র মেরামত?’
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই যুব মহিলা লীগের একটা ইতিহাস আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এদেশের রাজনীতিতে যুব মহিলা লীগ এক নতুন আবিষ্কার। রাজপথে পুলিশের নির্যাতন সহ্য করার ইতিহাস রয়েছে যুব মহিলা লীগের।’
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলার মানুষ আপনাদের অহংকার চুরমার করে দিয়েছে। শেখ হাসিনা বার বার ঝুঁকির মধ্যে ছিল। এতো ঝুঁকির মধ্যে কেউ থাকে না। শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনার হাতে দেশ উন্নয়নশীল হলে, এতে বিএনপির জ্বালা হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেক বার দরকার।’
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুত হয়ে যান, আবারও সংগ্রাম, আন্দোলন মোকাবিলা করতে হবে।’
ইউডি/এ

