কাতারের পর্যটন খাতে ঘটছে বিপ্লব, নতুন বছরে হবে আরও চাঙা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:৩০
নতুন বছর শুরু হতে চলেছে। এরই মধ্যে ২০২৩ সালের ক্রীড়ার বর্ষপঞ্জি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। খেলাধুলার মধ্য দিয়ে দেশটির পর্যটন খাত ২০২২ সালের তুলনায় আরও বেশি চাঙা হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দ্য পেনিনসুলা কাতার।
আগামী বছর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট। এর মধ্যে রয়েছে এএফসি এশিয়ান কাপ, ফরমুলা ওয়ান, জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো অ্যান্ড এক্সপো ২০২৩ প্রভৃতি। সম্প্রতি কাতারের পর্যটনের প্রধান পরিচালন কর্মকর্তা বার্থহোল্ড ট্রেংকেল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আগামী বছরে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। ২০২৩ সালের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনেই কোনো না কোনো ইভেন্ট থাকছে। অর্থাৎ বর্ষপঞ্জি খালি থাকছে না।
তিনি আরও বলেন, আমরা আবার ফরমুলা ওয়ানের আয়োজন করতে যাচ্ছি। জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো জেনেভায় নয়, কাতারে অনুষ্ঠিত হবে। এএফসি এশিয়ান কাপের আয়োজন করার মতো আমাদের সব স্টেডিয়াম রয়েছে। এছাড়া ‘এক্সপো ২০২৩, দোহা’ চলবে ছয় মাস ধরে।
‘ফরমুলা ওয়ান কাতার গ্র্যাঁ প্রি, ২০২৩’ অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ অক্টোবর। এ রেস অনুষ্ঠিত হবে লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে। আগামী বছরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিতব্য ছয়টি জনপ্রিয় স্প্রিন্ট রেসের একটির আয়োজক কাতার। অন্য স্প্রিন্ট রেস বসবে আজারবাইজানের বাকু সিটি সার্কিটে, অস্ট্রিয়ার রেড বুল রিংয়ে, বেলজিয়ামের স্পা-ফ্রাঙ্কোচ্যাম্পসে, আমেরিকার সার্কিট অব দ্য আমেরিকাসে ও ব্রাজিলের সাও পাওলার ইন্টারলাগোসে।

কাতারে লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটের ট্র্যাক ৫ দশমিক ৩৮ কিলোমিটারের। এখানে ফরমুলা ওয়ানের উদ্বোধন হয় ২০২১ সালে, তবে সংস্কারের জন্য ২০২২ সালের মৌসুম বাদ দেওয়া হয়।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর শেষ হচ্ছে না কাতারের ফুটবল উৎসব। তৃতীয়বারের মতো এএফসি এশিয়ান কাপের আয়োজন হচ্ছে কাতারে। এর আগে ১৯৮৮ ও ২০১১ সালের সংস্করণের সফল আয়োজক ছিল কাতার।
ফুটবল বিশ্বকাপের মতো এশিয়ান কাপও চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনে কাতারের অতীত রেকর্ড ও সক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। চলতি বিশ্বকাপের মতো আরেকটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মরুর দেশটি। এএফসি এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন কাতার।
দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার (ডিইসিসি) এবং অন্যান্য দর্শনীয় স্থানে জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো কাতারের আয়োজন করা হবে। এ আসর ৫ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবরে শেষ হবে। এ ইভেন্টে সর্বশেষ প্রযুক্তির গাড়ির প্রদর্শন করা হবে।
ফুটবল বিশ্বকাপের পর কাতারের দ্বিতীয় বৃহত্তম আয়োজন ‘এক্সপো ২০২৩, দোহা’। এ এক্সপো শুরু হবে ২০২৩ সালের ২ অক্টোবর, শেষ হবে ২০২৪ সালের ২৮ মার্চ। ধারণা করা হচ্ছে, এক্সপোয় ৩০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। এতে ৮০টির বেশি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য, সেবা ও গবেষণার ফল তুলে ধরবেন। এছাড়া ইন্টারন্যাশনাল হর্টিকালচারাল এক্সিবিশন অনুষ্ঠিত হবে আল বিদ্যা পার্কে।
কাতার দীর্ঘদিন ধরে আঞ্চলিক খেলাধুলার কেন্দ্রে রয়েছে। দেশটি বৃহৎ খেলাগুলোর আয়োজন করে আসছে, এর সর্বশেষ উদাহরণ ‘কাতার ফিফা বিশ্বকাপ, ২০২২’। বিশ্বকাপ আয়োজনের জন্য ২০১০ সালে ফিফার সবুজ সংকেত পায় দেশটি। এখন পর্যন্ত কাতারে বিশ্বকাপের আয়োজন নিয়ে সন্তুষ্ট ফিফা।
এর আগে ২০০৬ সালে প্রথম বড় আসর ২০০৬ এশিয়ান গেমসের আয়োজন করে উপসাগরীয় দেশটি। সেই থেকে এখন পর্যন্ত ৬০০টির বেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক খেলাধুলার আয়োজন করেছে। এর মধ্যে ফিফা বিশ্বকাপ সর্ববৃহৎ, এর পর রয়েছে হ্যান্ডবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, আইডব্লিউএফ অ্যাথলেটিকস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ফরমুলা ওয়ান প্রভৃতি।
বিশ্লেষকরা বলছেন, ফুটবল বিশ্বকাপ কাতারের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। ফুটবল টুর্নামেন্ট ঘিরে পর্যটন, আতিথেয়তা ও আবাসন খাতে বিনিয়োগ বেড়েছে, বিশ্বকাপের চূড়ান্ত বাঁশি বাজার পরও যা অব্যাহত থাকবে।
ইউডি/এ

