এশীয় ব্যাংকারদের বোনাস কমাচ্ছে মরগান স্ট্যানলি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০০
এশিয়ার বিনিয়োগ ব্যাংকারদের বার্ষিক বোনাস ৫০ শতাংশ পর্যন্ত কাটার পরিকল্পনা করছে মরগান স্ট্যানলি। পরিকল্পনার সঙ্গে যুক্ত দুজন এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানের কঠিন বাজার পরিস্থিতির কারণে রাজস্ব আয়ে পড়া প্রবল চাপ সামলানো এবং খরচে লাগাম টানতে এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াল স্ট্রিট ব্যাংকটি। খবর রয়টার্স।
এশিয়া থেকে এখন যেভাবে অর্থ কমানোর কথা বলা হচ্ছে তেমনই সিদ্ধান্ত আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতেও নেওয়া হতে পারে। এভাবে বোনাসের অর্থ কমিয়ে দেয়া হলে তা ২০২১ সালের তুলনায় অনেকটাই ভিন্ন হবে। কারণ গত বছর প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যাংকাররা বিশ্বব্যাপী ২০ শতাংশ বাড়তি বোনাস পেয়েছিল।
এশিয়ায় বোনাস কমানোর এ সিদ্ধান্ত নিয়ে সারা বিশ্বে মরগান স্ট্যানলি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জ্ঞাত তৃতীয় একজন বলেছেন, ধারণা করা হচ্ছে এশিয়াজুড়ে গড়ে ৩০ শতাংশ বোনাস কমানো হতে পারে। আর সব বিনিয়োগ ব্যাংকিং টিম ও বাজারে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে।
প্রথম দুটি সূত্র জানিয়েছে, কম টাকা প্রদান করা হলে ব্যাংকারদের মোট পারিশ্রমিক ৩০ শতাংশ কমে যাবে। যদিও ব্যাংকারদের বোনাস কেটে নেয়ার বিষয়টি কিছুটা অনুমিতই ছিল। তবে প্রথমবারের মতো এবারই তা যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতেও ছড়িয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে।
ব্যাংকারদের দেয়া বোনাস মোট পারিশ্রমিকের একটি তাত্পর্যপূর্ণ অংশ। এর সঙ্গে কর্মীর কর্মদক্ষতা সম্পৃক্ত। যদিও বোনাস কেটে রাখার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মরগান স্ট্যানলি। এমনকি কোনো মন্তব্যও দেয়নি প্রতিষ্ঠানটি।
বাড়তি সুদহার এবং দুর্বল অর্থনৈতিক পরিবেশের কারণে বিশ্বের অনেক ব্যাংকই চুক্তি করার মতো নানা কার্যক্রম স্থগিত করছে। আগামী বছর আমেরিকার অর্থনীতি মৃদু মন্দায় পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ইউডি/এ

