চুল দিয়ে ক্রিসমাস ট্রি!

চুল দিয়ে ক্রিসমাস ট্রি!

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০

মানুষের বাহ্যিক চেহারার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চুল। শুধুমাত্র হেয়ারস্টাইল ভিন্ন হওয়ার কারণে বদলে যায় এর পুরো গড়ন। চুল নিয়ে তাই মানুষের শখেরও কমতি নেই। চুল দিয়ে নানা রকমের হেয়ারস্টাইল করে তাক লাগিয়ে দেন অনেকে। তাই বলে চুল দিয়ে বানাবেন আস্ত ক্রিসমাস ট্রি!

শুনতে বিস্ময়কর হলেও এ কাজ করেই পৃথিবীর উচ্চতম হেয়ারস্টাইলের বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন এক হেয়ারস্টাইলিস্ট। তার চুল দিয়ে বানানো সেই ক্রিসমাস ট্রি ছিল প্রায় ১০ ফুট উঁচু।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেই হেয়ারস্টাইলিস্ট সিরিয়ার নাগরিক দানি হিসওয়ানি। গত ১৬ সেপ্টেম্বর ওই বিশ্বরেকর্ড করেছেন দানি। তবে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে শেয়ার করা হয় বিশ্বখ্যাত সেই হেয়ারস্টাইলের একটি ভিডিও।

দুবাইতে এক নারীর চুলে এই অনন্য হেয়ারস্টাইলের পুরো পদ্ধতি দেখা যায় সে ভিডিওতে।

চুল দিয়ে ক্রিসমাস ট্রি বানাতে শুরুতেই ওই নারীর মাথায় একটি হেলমেট পরিয়ে দেন দানি। তার ওপর পরচুলা ও হেয়ার এক্সটেনশন দিয়ে বানিয়ে ফেললেন একটি আস্ত ক্রিসমাস ট্রি, যার উচ্চতা ৯ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি (২ দশমিক ৯০ মিটার)।

তবে কেবল ক্রিস্টমাস ট্রি বানিয়ে ক্ষান্ত হননি দানি। একে আরও সুন্দর করতে বল দিয়ে সাজিয়েও দেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটি বিবৃতি থেকে জানা যায়, সাত বছর আগে ফ্যাশন জগতে আসেন দানি। তখন থেকে নানা ধরনের বিচিত্র সব হেয়ারস্টাইল করে খ্যাতি লাভ করেন তিনি।

দানির বিশ্বাস, হেয়ারস্টাইলিং শুধুমাত্র একটি পরিষেবা নয়, এটি এক ধরনের শিল্প।

ওই বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও দানি চুল দিয়ে ক্রিসমাস ট্রি বানিয়েছিলেন। কিন্তু সেটি ছিল উচ্চতায় খুব ছোট। এরপর দানি নিজেই নিজেকে ফের ছাড়িয়ে যেতে চেয়েছিলেন। আর সেটা তিনি করেও দেখালেন।

ইনস্টাগ্রামে তিন লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেন। যদিও নেটবাসীরা এটিকে হেয়ারস্টাইল বলে মানতে রাজি নন।

ভিডিওটিতে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটি কোনো হেয়ারস্টাইল নয়, এটা হেয়ারড্রেস।’

অন্য একজন বলেন, ‘এটি দেখতে চুলওয়ালা টুপির মতো লাগছে। হেয়ার-শোতে এর চেয়েও ভালো কাজ দেখতে পাওয়া যায়।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading