এমপি হতে আবারও লড়বেন ‘হিরো আলম’
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১৭
জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা পাঁচ এমপির শূন্য আসনে ভোটগ্রহণ করতে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের পদত্যাগে ওই আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে চান সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত আশরাফুল আলম (হিরো আলম)।
এ তথ্য নিশ্চিত করে হিরো আলম জানিয়েছেন, ‘আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। আমাকে লাঙ্গল প্রতীকে নির্বাচনের সুযোগ না দেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।’
এই আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন হিরো আলম।
হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
ইসির তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য পাঁচ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।
ইউডি/এ

