ইভিএম দিয়ে একটি পক্ষকে জেতানোর সুযোগ রয়েছে: বদিউল আলম
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৩০
‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কোনো সমস্যা নয়। এটি একটি যন্ত্র। এই যন্ত্রে যা ইনপুট দেওয়া হবে তা-ই হবে। কিন্তু এর পেছনে যারা কাজ করে তারাই সমস্যা। অবস্থা এমন যে, বেড়ায় খেত খাওয়ার মতো।’ ইভিএম নিয়ে এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইভিএম শুধু ফল দেয় দাবি করে বদিউল আলম মজুমদার বলেন, ‘এটি একটি যন্ত্র, তাকে যা ইনপুট দেওয়া হবে তার ফলাফল সে প্রদর্শন করবে। তবে এর পেছনে যারা থাকে, তারাই দুষ্কর্মগুলো করে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাই দুষ্কর্ম করবে।’
সুজন সম্পাদক বলেন, ‘ইভিএম এমন একটি যন্ত্র, যা দিয়ে পক্ষপাতমূলক যেকোনো কর্মকাণ্ড করা যায় এবং আমরা বরাবরই ইভিএমের বিপক্ষে। কারণ এটি দিয়ে একটি পক্ষকে জেতানো সম্ভব। সুতরাং আমরা মনে করি ইভিএম দিয়ে কখনোই সুষ্ঠু ভোট সম্ভব নয়।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেন, ‘আমি জ্যোতিষী নই, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে জ্যোতিষী হতে হবে। জনগণ চাচ্ছে এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হোক। যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন। তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা এটাই।’
রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, রংপুর মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট খাইরুল ইসলাম বাপ্পি এবং মোখলেছুর রহমানসহ রসিকের ভোটে অংশ নেওয়া ৯ মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন।
ইউডি/এ

