দেশে স্বাধীনতাবিরোধীদের থাকার সুযোগ নেই: দীপু মনি

দেশে স্বাধীনতাবিরোধীদের থাকার সুযোগ নেই: দীপু মনি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৯

দেশে স্বাধীনতাবিরোধীদের থাকার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘এ দেশে রাজনীতি থাকবে, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে, সরকার থাকবে, বিরোধী দল থাকবে কিন্তু স্বাধীনতাবিরোধীরা থাকবে না। বাংলাদেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। যেকোনো মূল্যে সবাইকে সঙ্গে নিয়ে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে।’

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নাটোরের অনিমা চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে যখন জঙ্গি দমন হয়েছে, দেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে, দেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তখন ১৯৭১, ১৯৭৫, ২০০৪, ২০১৩ ও ২০১৪ সালের পরাজিত অপশক্তি, স্বাধীনতাবিরোধী, খুনি, অগ্নি সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠছে।

‘নির্বাচনকে সামনে রেখে তারা গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। যারা জনবিচ্ছিন্ন, যাদের কোনো জনসম্পৃক্ততা নেই, তাদের দ্বারা আর যাই হোক আন্দোলন সংগ্রাম হয় না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা স্বাধীনতা বিরোধীদের দোসর, যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চেয়েছিল, যারা হরতাল করে পার্বত্য শান্তি চুক্তি ভণ্ডুল করে দিতে চেয়েছিল, বিরোধীতা করেছে সেই সব খুনি, অপশক্তিদেরকে কোনোভাবেই আর কোনো জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই।’

এ সময় বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, দেশে কাগজ কালির সমস্যা থাকা সত্ত্বেও আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading