নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই : সিইসি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বলেছেন, ‘বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বিএনপি আমাদের সে অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তারা নির্দলীয় সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে অনড়। এ ক্ষেত্রে আগামী সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই।’
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার সরকারি কর্মকর্তাদের মঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘সম্প্রতি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোয় ইভিএমে ভোট হবে। তবে ওইসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আর্থিক সংগতি কমিশনের আপাতত নেই।’

বর্তমানে কমিশনের ৫০ থেকে ৬০টি আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা রয়েছে জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আরও ইভিএম কেনার জন্য সরকারের কাছে আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে। আর ওই বরাদ্দ পাওয়া সাপেক্ষে নতুন মেশিন কিনে আগামী সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে কমিশন।’
পটুয়াখালীর জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।
ইউডি/এ

