ওবায়দুল কাদের ভালো খেলোয়াড় নন, দাবি গয়েশ্বরের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে বলে খেলা খেলা বন্ধ করুন। উনি ততো ভালো খেলোয়াড় নন। আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করে তাকে খেলতে দিন। প্রকাশ্যে যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব।’
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ‘জিয়া মঞ্চ’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবালের সভাপতিত্বে ও সদস্য আবু তালেবের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ।
সম্প্রতি গাজীপুর ইউনিয়ন বিএনপির একজন নেতাকে ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে বাধ্য করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? দেশি-বিদেশি সবাই দেখেছেন। মড়ার ওপর ডান্ডাবেড়ি পরান! পৈশাচিক মনোবৃত্তির পরিণতি ভয়াবহ হয়।’
৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘এদিন পুলিশের কারা ডিউটি করেছেন আমরা দু-চার জন চিনলেও তাদের তালিকা পুলিশের কাছে আছে।’
ইউডি/এ

