সংক্রমণ বাড়ায় গাড়ি উৎপাদন কমিয়েছে বিওয়াইডি

সংক্রমণ বাড়ায় গাড়ি উৎপাদন কমিয়েছে বিওয়াইডি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০০

চীনে করোনা সংক্রমণ বাড়ায় ক্ষতির মুখে পড়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডিও। কর্মীদের মধ্যে অসুস্থতা বেড়ে যাওয়ায় গাড়ি উৎপাদন কমাতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। চীনের বৃহত্তম বিদ্যুতচালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি এখন দৈনিক দুই থেকে তিন হাজার গাড়ি কম উৎপাদন করছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লিয়ান ইউ-বো বলেন, ‘গত কয়েক দিনে আমাদের একগুচ্ছ কর্মী করোনা সংক্রমিত হয়েছেন। এজন্য আমরা দৈনিক দুই থেকে তিন হাজার কম গাড়ি উৎপাদন করছি। আমাদের ২০-৩০ শতাংশ কর্মী কাজ করতে অক্ষম এবং বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।

চলতি বছর প্রতিষ্ঠানটির ১৯ লাখ ইউনিট ইভি এবং হাইব্রিড গাড়ি উৎপাদনের লক্ষ্য ছিল। তবে এ মাসে ৩০ হাজার ইউনিট গাড়ি উৎপাদন কম হওয়ায় লক্ষ্যমাত্রায় পৌঁছতে ব্যর্থ হবে সংস্থাটি। ফলে ২০২২ সালে সংস্থাটির উৎপাদিত গাড়ির সংখ্যা ১৮ লাখ ৮০ হাজার ইউনিটের কাছাকাছি হবে বলেও জানান লিয়না ইউ-বো।

চলতি মাসের শুরুর দিকে হঠাৎ করে জিরো কোভিড নীতি থেকে সরে আসে চীন। এরপর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে শুরু করে। এটি ভ্রমণ ও অর্থনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করেছে। নতুন বিশ্লেষণে দেখা গিয়েছে, দেশটি দৈনিক ১০ লাখ সংক্রমণ এবং পাঁচ হাজার মৃত্যুর সম্মুখীন হচ্ছে। কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাদুর্ভাব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিপুলসংখ্যক কর্মী অসুস্থ হয়ে পড়ায় উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। কারখানা সচল রাখতে প্রতিষ্ঠানগুলো ওষুধের মজুদ বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে।

ইউডি/ এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading