বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ করবে এবি পার্টি
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০০
অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে জাতীয় ঐকমত্যের দাবিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, গোলাম ফারুক, আনিছুর রহমান কচি প্রমুখ।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধানে যা-ই থাকুক না কেন নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য ১৯৯০ সালে কোনো প্রতিবন্ধকতা মুখ্য হয়ে দাঁড়ায়নি। সেখানে প্রধান বিবেচ্য বিষয় ছিল জনতার আকাঙ্ক্ষা। অতএব, কোনো দ্বিধা ছাড়াই এ দাবি বাস্তবায়ন সম্ভব এবং অতীত আন্দোলনের পথ ও কৌশল অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবেই জনগণের বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ।
বিএনপি এই দাবিতে যে যুগপৎ আন্দেলনের ডাক দিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই। তবে যেহেতু যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে এবি পার্টির সঙ্গে বিএনপির কোনো আনুষ্ঠানিক মতবিনিময় হয়নি সেহেতু এবি পার্টি তার নিজস্ব নীতি ও পরিকল্পনার আলোকে অতীতের মতো স্বাতন্ত্র্য বজায় রেখে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এ লক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় এবি পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্যর দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছে।
বিএনপির সঙ্গে কী অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে কিংবা আলোচনে হবে— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক মতবিনিময় হয়নি। তবে আমরা তাদের যুগপৎ আন্দোলনকে স্বাগত জানাই। আর এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।
ইউডি/এ

