নারীদের জন্য মেট্রোরেলে থাকছে আলাদা কোচ

নারীদের জন্য মেট্রোরেলে থাকছে আলাদা কোচ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:০০

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছুটবে দেশের প্রথম মেট্রোরেল। এতে নারীদের নির্বিঘ্ন চলাচলে প্রতিটি ট্রেনে থাকছে আলাদা কোচ। তবে চাইলে বাকি বগিতেও নারীরা উঠতে পারবেন। প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিষয়টি জানিয়েছে।

ঢাকার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, শুরুতে ছয় বগির ১০টি ট্রেন প্রস্তুত রাখা হচ্ছে। ব্যাকআপ হিসেবে থাকছে আরও দুটি ট্রেন।

স্টেশনগুলোতে নারীদের জন্য থাকছে পৃথক টয়লেটের ব্যবস্থা। সেখানে শিশুদের ডায়াপার পরিবর্তনের বিশেষ ব্যবস্থাও থাকছে। আর গর্ভবতী নারী ও বয়স্ক যাত্রীদের জন্য বগিতে আসন সংরক্ষিত থাকবে।

প্রথম ধাপে চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথ। এই পথে একবার চলতে মেট্রোরেল সময় নেবে ২০ মিনিট। তবে পূর্ণমাত্রায় চালু হলে এই সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানির প্রধান ছিদ্দিক বলেন, মেট্রোরেলের সঙ্গে যাত্রীদের অভ্যস্ততা তৈরি করা এবং আন্তর্জাতিক মান বিবেচনা করে প্রথম দিকে ট্রেনের চলাচল সময়টা কম এবং ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় বেশি থাকবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading