স্বপ্নের মেট্রোরেলে হুইসেল বাজবে কাল

স্বপ্নের মেট্রোরেলে হুইসেল বাজবে কাল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:০০

গন্তব্যে ছুটতে প্রস্তুত লাল-সবুজের মেট্রোরেল। এখন শুধু অপেক্ষা চাকা ঘোরার, হুইসেল বাজার। দেশের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত গণপরিবহন এই স্বপ্নবাহন। একেবারেই স্বয়ংক্রিয়ভাবে চলবে ট্রেন। টিকিট ব্যবস্থাও পুরোপুরি কম্পিউটারাইজড। বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন শেষে বৃহস্পতিবার থেকে যাত্রী নিয়ে ছুটবে ট্রেন।

এর মধ্য দিয়ে মেট্রোরেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চলবে যাত্রী ব্যবস্থাপনা। যাত্রী চলাচলে থাকবে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা। এই ট্রেন চালুর মধ্য দিয়ে কমবে পথের ভোগান্তি, বাঁচবে সময়।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিয়াবাড়ী থেকে ট্রেনে উঠে আগারগাঁও আসবেন ২০০ জন। তাদের নামের তালিকা চূড়ান্ত হয়েছে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব আবদুর রউফ বলেন, ‘তালিকা অনুযায়ী ব্যক্তিরা ট্রেনে উঠবেন। প্রধানমন্ত্রী যে কামরায় থাকবেন, সেখানে কারা কারা উঠতে পারবেন; তাও ঠিক করা হয়েছে।’ তবে সেই তালিকা নিজের কাছে না থাকার কথা জানান তিনি।

এদিকে উদ্বোধন উপলক্ষে মেট্রোরেলের ফাইনাল ট্রায়াল চলছে। স্টেশনসহ মেট্রো পরিচালনায় দায়িত্বরতদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। যাত্রী সহযোগিতায় থাকবে পৃথক লোকজন। স্টেশন থেকে শুরু করে প্ল্যাটফর্মসহ সংযোগ সড়কের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ হয়েছে। দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিটি স্টেশনে মোতায়েন করা হয়েছে পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) আইনশৃঙ্খলা বাহিনী।

সাজানো-গোছানোর মধ্য দিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে ট্রেন ও স্টেশন। তবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই গণপরিবহনের ভাড়া কমানোর দাবি উঠলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।

এদিকে এমআরটি-ছয় এর সার্বিক বিষয় তুলে ধরতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সড়ক সচিব, মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ওই দিন উত্তরা ১৫ নম্বর সেক্টরের উত্তরা পার্ক মাঠে জনসমাবেশ করবে আওয়ামী লীগ। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণা করবেন।

সমাবেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী উত্তরা স্টেশনে এসে ফ্ল্যাগ উন্মোচন করবেন। তারপর টিকিট কেটে ট্রেনে উঠবেন। প্রধানমন্ত্রী আগারগাঁও এসে নামবেন। প্রথম ট্রেনটি চালাবেন নারী চালক আফিজা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading