বিএনপিকে নেতাশূন্য করতে হয়রানীমূলক মামলা: নজরুল ইসলাম
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৫
‘বিএনপিকে নেতাশূন্য করতে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে হয়রানীমূলক ও ভিত্তিহীন মামলা করা হয়েছে’-এমনটি মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিমত ব্যক্ত করেন। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্থায়ী কমিটির বরাত দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসসহ জাতীয় নেতা এবং দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মীকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বার বার তাদের জামিনের আবেদন প্রত্যাখান করা অযৌক্তিক।’
কারাগারে তাদের প্রাপ্য মর্যাদা ও সুবিধা না দেওয়ায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায় স্থায়ী কমিটি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
ইউডি/এ

