ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য প্রস্তুত ইসরায়েল

ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য প্রস্তুত ইসরায়েল
aviv kochavi

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৩০

ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে হামলা চালাতে ইসরায়েলের সেনাবাহিনী তাদের প্রস্তুতি আরও জোরদার করেছে। দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোচাভি এমন মন্তব্য করেছেন। ইসরায়েলের অভিযোগ- সিরিয়ায় সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় ইরান।

জেরুজালেম পোস্ট পত্রিকার প্রতিবেদন অনুসারে মঙ্গলবার ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেওয়া বক্তৃতায় কোচাভি বলেন, ‘ইরানে সামরিক অভিযানের বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর প্রস্তুতির মাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি করা হয়েছে।’ প্রতিবেদন আনাদোলু এজেন্সির।

‘যদি ইসরায়েলের সেনাবাহিনীকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেওয়া হয়, তবে ওই দেশে সামরিক অভিযান সম্পন্ন করবে দেশটির সেনাবাহিনী’, ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা আভিভ কোচাভি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘সিরিয়ায় ইরান হাজার হাজার শিয়া মিলিশিয়া নিয়োগ করার পাশাপাশি শত শত ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায়।’

ইসরায়েলি সেনাপ্রধান বলেন, ‘ইসরায়েল সিরিয়ায় ইরানের লক্ষ্য ব্যাহত করতে সক্ষম হয়েছে। মূলত, ইরানিরা সিরিয়ায় দ্বিতীয় একটি হিজবুল্লাহ প্রতিষ্ঠা করতে চায়।’

ইসরায়েল প্রায়ই তেহরানকে সিরিয়ায় চলমান সংঘাতকে কাজে লাগানোর অভিযোগ করে- যেখানে ইরান ক্ষমতাসীন আসাদ সরকারকে সমর্থন করে- ইসরায়েলের সীমান্তের কাছে একটি স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়।

প্রায়ই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন প্রদেশে সিরিয়ান সরকার এবং ইরানি সেনাবাহিনীর অবস্থানের ওপর বিমান হামলা চালায়।

সাধারণত ইসরায়েল এ ধরনের হামলার বিষয়ে কোনো মন্তব্য করে না। তবে দেশটির নেতারা প্রায়ই বিবৃতি দিয়ে নিশ্চিত করে যে তারা সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি ‘হ্রাসের’ জন্য কাজ করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading