নয়াপল্টন থেকে মগবাজার যাবে বিএনপির গণমিছিল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০০
বিএনপির পূর্বঘোষিত গণমিছিল দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। আগামীকাল দুপুর ২টায় নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিলটি নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।’

ঢাকাবাসীকে গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘গণমিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। সেটার জন্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা চাওয়ার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি আমাদেরকে সর্বাত্নক সহযোগিতা করবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এইডি/এ

