৫ ঘণ্টা বন্ধ থাকার পর চলল ফেরি
উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪০
ঘন কুয়াশায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আব্দুস সালাম বলেন, ‘ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
‘কুয়াশার কারণে মাঝ নদীতে চারটি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে’, বলেন আব্দুস সালাম।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে কয়েকশ পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের কয়েকশ যানবাহন নদী পারের অপেক্ষায় মহাসড়কে আটকা পড়ে। দীর্ঘ সময় আটকা থেকে প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
এর আগে সকালে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ফেরি চলাচল বন্ধ হলে ঘাটের দুই পাড়ে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। ফেরি চালু হলে যানবাহন পারাপারে ভোগান্তি হবে না।
ইউডি/এ

