প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৫০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলি শুরু হচ্ছে আজ থেকে (৩ জানুয়ারি), চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। সোমবার (০২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার মধ্যে বদলির আবেদন গ্রহণ করা হয়।
বদলির শর্ত: শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত বছরের ২২ ডিসেম্বর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত)-২০২২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।
যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক পাঠানোর পর তা পুনঃবিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনরকম হস্তক্ষেপের সুযোগ নেই।
আদেশে বলা হয়, মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির জন্য অনলাইনে আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
ইউডি/এ

