নারীদের আইপিএল টেন্ডার আহ্বান
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
নারীদের জন্য আইপিএলের আদলে টি-টোয়েন্টি লিগ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
রয়টার্স জানিয়েছে, এই সিরিজ শুরু করার ক্ষেত্রে তারা মঙ্গলবার (৩ জানুয়ারি) নারীদের আইপিএল দলের মালিকানা পাওয়ার জন্য টেন্ডার আহ্বান করেছে।
নারীদের আইপিএলের দলগুলো শুধুমাত্র নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ইন্ডিয়ার কোনও ব্যবসায়ী পরিবার যদি নারী আইপিএলে দল রাখতে চায়, তবে তারা ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে।
বিদ্যমান ফ্র্যাঞ্চাইজি বা অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান যারা নারী আইপিএল দল কিনতে ইচ্ছুক, তাদের বিসিসিআইয়ের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা জমা করতে হবে।
নথিপত্র যাচাই-বাছাইয়ের সময় যদি বিসিসিআই মনে করে যে, এটি সম্পূর্ণ নয়, তা হলে তারা সেই ব্যক্তি বা ব্যবসাপ্রতিষ্ঠানকে নিলাম প্রক্রিয়া থেকে বাদ দিতে পারবেন।
গত বছরের ফেব্রুয়ারিতে, বিসিসিআইয়ের তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ বলেছিলেন যে, নারীদের আইপিএল শুরু হবে ২০২৩ সালে এবং এই টুর্নামেন্ট শুরু হবে আগামী মার্চ মাসে।
বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘একাধিক বিদ্যমান আইপিএল দল নারীদের আইপিএল নিয়েও গুরুতর আগ্রহ প্রকাশ করেছে।’
রাজস্থান রয়্যালস এমন একটি দল, যারা প্রকাশ্যে নারীদের আইপিএল দলের মালিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সও আগ্রহী বলে মনে হচ্ছে।
জয় শাহ আরও ইঙ্গিত দিয়েছিলেন যে, বিসিসিআই পাঁচ বা ছয় দলের টুর্নামেন্টের প্রত্যাশা করছে।
ইউডি/এ

