আমরা লড়াই করে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিদেশিরা মাঝে মাঝে আহাম্মকের মতো সুপারিশ করে। বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত। আমরা লড়াই করে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করেছি। তাদের ইলেকশনে প্রার্থী পাওয়া যায় না। অথচ তারা এদেশের নির্বাচন নিয়ে কথা বলতে আসে।’
বুধবার (০৪ জানুয়ারি) সকালে সিলেটের ইপিআই ভবনে সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ দেশ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ। যেখানে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে। এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এদেশে নির্বাচনে ৭০-৮০% লোক ভোট দেয়। কিন্তু অনেক দেশে ২৫-৩০% লোকও ভোট দেয় না। নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায় না অথচ এদেশে একেকটি পদে বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।’
অনেক বিরোধী দল দেশে উন্নতি চায় না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা নিজের পা কেটে অন্যের ক্ষতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
ইউডি/এ

