এক বছরে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৯ শতাংশ : নিসচা
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
২০২১ সালের তুলনায় ২০২২ সালে সারা দেশে দুর্ঘটনার হার ২৯ শতাংশ বেড়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে মোট সাত হাজার ২৪টি দুর্ঘটনা ঘটেছে। এর আগের বছর ২০২১ সালে ঘটেছে চার হাজার ৯৮৩টি। অর্থাৎ, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুর্ঘটনা বেড়েছে দুই হাজার ৪১টি, শতাংশ হিসেবে যা ২৯ শতাংশ।
বুধবার (৪ জানুয়ারি) ২০২২ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা)। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় ২০২২ সালের সড়ক দুর্ঘটনাবিষয়ক প্রতিবেদন তুলে ধরেন নিসচার চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, ১১টি জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, শাখা সংগঠনের প্রতিবেদন ও অপ্রকাশিত ঘটনার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিসচার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল, মহাসচিব লিটন এরশাদ, উপদেষ্টা মো. হামিদ, ড. আইয়ুবুর রহমান খান, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ, জিএইচএআই র কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরীফুল আলম, সিআইপিআরবির ডিরেক্টর ড. সেলিম মাহমুদ চৌধুরী প্রমুখ।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা ঘটেছে সাত হাজার ২৪টি। এর মধ্যে সড়কপথে ঘটেছে পাঁচ হাজার ৭০টি, নৌপথে ঘটেছে ৭৭টি, রেলপথে ঘটেঠছে ২৫৬টি, অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মৃত্যু (আনুমানিক ৩০ শতাংশ) ঘটেছে এক হাজার ৬২১টি।
এতে বলা হয়, এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৮ হাজার ১০৪ জন এবং আহত হয়েছেন ৯ হাজার ৭৮৩ জন। এর মধ্যে সড়ক পথে মারা গেছেন ৫ হাজার ৭৬০ জন, আহত হয়েছেন ৭ হাজার ৩৩১ জন। রেলপথে মারা গেছেন ২৭০ জন, আহত হয়েছেন ৫১ জন৷ নৌপথে মারা গেছেন ২০৪ জন, আহত হয়েছেন ১৪৪ জন এবং নিখোঁজ রয়েছেন ১৮৬ জন। অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিহত হয়েছেন (আনুমানিক ৩০ শতাংশ) ১ হাজার ৮৭০ জন। আহত হয়েছেন ২ হাজার ২৫৭ জন।
প্রতিবেদনে বলা হয়, সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় নিহতদের মধ্যে পুরুষ ছিলেন ৫ হাজার ২৪২ জন এবং নারী ছিলেন ৯৯২ জন। পুরুষ আহত হয়েছেন ৬ হাজার ৩২ জন এবং নারী আহত হয়েছেন ১ হাজার ৪৯৪ জন। এছাড়া যানবাহনের ধরন অনুযায়ী চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন ২ হাজার ১৮৮ জন।
ইউডি/এ

