রাষ্ট্রীয় বল প্রয়োগ রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ: রব

রাষ্ট্রীয় বল প্রয়োগ রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ: রব

উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘বিশিষ্ট রাজনীতিবিদদের জামিন প্রাপ্তির মৌলিক অধিকারকে বারবার অগ্রাহ্য করে আইনের শাসন ও সংবিধানকে অসহায় করার মাধ্যমে সরকার নিজেকে চরম কর্তৃত্ববাদী করে তুলছে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা না করে, রাষ্ট্রীয় বল প্রয়োগ করা রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ মাত্র।’

বুধবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের স্বাক্ষর রয়েছে।

বিবৃতিতে আ স ম রব উল্লেখ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল করার ঘটনা প্রতিহিংসার নতুন এক দৃষ্টান্ত।

‘সরকার ক্ষমতার দাম্ভিকতায় গোপন অভিসন্ধি পূরণে বিরোধী দলের রাজনীতিবিদদের সঙ্গে যে ধরনের অন্যায় আচরণ করছে, প্রতিশোধ এবং জিঘাংসাকে রাজনৈতিক পরিসরে যেভাবে বণ্টন করছে তা প্রজাতন্ত্রের জন্য খুবই কলঙ্কজনক’, যোগ করেন তিনি।

বিবৃতিতে নেতারা বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের হত্যা করা, ষড়যন্ত্র করে গায়েবি মামলায় আসামি করা, পুলিশের উপর বর্বরোচিত হামলা, উস্কানি দাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে বিরোধীদের গ্রেপ্তার করা এবং দীর্ঘদিন অন্তরীণরাখাসহ মধ্যযুগীয় নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখার সরকারের ঘৃণ্য অপসংস্কৃতি দেশে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

‘অতীতের দলীয় স্বৈরাচার, সামরিক আইন জারির বিভীষিকা, কুৎসিত ক্ষমতালিপ্সায় গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতা হননের অনিবার্য পরিণতিতে শাসকদের রক্তাক্ত পতন থেকে কোন শাসক শিক্ষা লাভ করছে না।’

তারা আরও বলেন, ‘এই অবস্থা থেকে উত্তরণে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে গণশাসনের মাধ্যমে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রবিনির্মাণ করার রাজনীতি হাজির করাই আমাদের সকলের রাজনৈতিক কর্তব্য।’

রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় মঙ্গলবার (৩ জানুয়ারি) কারাবন্দী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ছয় মাসের জন্য জামিন দেয় হাইকোর্ট। এই জামিন স্থগিত চেয়ে বুধবার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ৮ জানুয়ারি শুনানির জন্য তারিখ ঠিক করেছে চেম্বার আদালত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading