আজ মাঠে নামছেন না রোনালদো

আজ মাঠে নামছেন না রোনালদো

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০

ম্যানচেস্টার ইউনাইটেড একটি ম্যাচ হেরে যাওয়ার পরে এক এভার্টন ভক্তের ফোন ভেঙে ফেলার দায়ে পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

তাই সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মাঠে নামা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ডেইলি মেইল জানিয়েছে, আল তায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার তার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হচ্ছে না।

২০২২ সালের এপ্রিলে গুডিসনে পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে এভার্টনের কাছে হারের পর সাজঘরে ফেরার সময় খুদে ভক্তের মোবাইল আছড়ে ভাঙেন সিআর সেভেন।

প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে পেয়ে ছবি তোলার জন্য মোবাইল ফোন বের করেছিল ১৪ বছরের জেকব হার্ডিং। ম্যাচ হেরে যাওয়ায় মাথা গরম ছিল রোনালদোর। রাগে ফোনটা কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন তিনি। তখন জেকবের মা সারাহ ক্ষোভ জানিয়েছিলেন। এই ঘটনার পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রোনালদো। ব্রিটেনের মারসেসাইড পুলিশও তাকে ডেকে সতর্কও করেছিল সেসময়। এরপর ওই ঘটনার তদন্তে নামে এফএ।

সেই তদন্তেই তার ওপর নেমে আসে শাস্তির খাঁড়া। দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। রোনালদো ভেবেছিলেন এই শাস্তি কাটিয়ে ফেলবেন। কিন্তু শীতকালে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হওয়ায় প্রিমিয়ার লিগের খেলা বন্ধ হয়ে যায়। ম্যান ইউ বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলে ফুলহ্যামের বিরুদ্ধে এবং বিশ্বকাপের পরে প্রথম ম্যাচ খেলে বার্নলের বিরুদ্ধে।

ম্যান ইউয়ের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ায় এই দুটি ম্যাচে দলে ছিলেন না রোনালদো। ফলে ওই নিষেধাজ্ঞা তার নতুন ক্লাবের প্রথম দুটি ম্যাচেই কার্যকর হবে। প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে মাঠ ভরাবেন বলে ইতোমধ্যেই প্রায় ২৮ হাজার আল নাসর সমর্থক আল তায়ের বিরুদ্ধে ম্যাচের টিকিটও কেটে ফেলেছেন।

আপাতত তাদের আশায় জল ঢেলে দিল রোনালদোর ওই দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading