আওয়ামী লীগ নেতাকে দল থেকে অব্যাহতি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শরীফুলের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফেসবুকে নিন্দার ঝড় ওঠে। প্রায় দুই সপ্তাহ ধরে দলে ও দলের বাইরে এ নিয়ে নেতিবাচক আলোচনা হওয়ায় মহানগর ও দলের কেন্দ্রীয় নেতারা বিব্রতবোধ করেন। এর প্রেক্ষিতে মহানগর আওয়ামী লীগ বুধবার রাতে শরীফকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ইউডি/এ

