দেশে নারীর স্বাস্থ্যসেবা ভীষণভাবে অবহেলিত : বিডব্লিউএইচসি

দেশে নারীর স্বাস্থ্যসেবা ভীষণভাবে অবহেলিত : বিডব্লিউএইচসি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

দেশে নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে চার দশক ধরে কাজ করা সংস্থা বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন বা বিডব্লিউএইচসি বলছে, দেশে এখনও নারীদের স্বাস্থ্যসেবা ভীষণভাবে অবহেলিত।

সংস্থাটির চেয়ারপারসন নাসিমুন আরা হক বলেন, ‘নারীর স্বাস্থ্যসেবা আমাদের দেশে ভীষণভাবে অবহেলিত। অথচ এদিকেই বেশি নজর দেয়া উচিত ছিল। নারীর অবদান ও প্রয়োজনীয়তাকে সবসময় কম গুরুত্ব দেয়া হয়। সেখানে নারীদের প্রাথমিক সচেতনতা তৈরি ও স্বাস্থ্যসেবা দেওয়ার কাজ করে আমাদের সংগঠন। দেশকে এগিয়ে নিতে হলে নারীস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে।’

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন আয়োজিত ‘নারীর প্রজনন স্বাস্থ্যসেবা ও উন্নয়নে বিডাব্লিউএইচসির গৌরবময় চার দশক (১৯৮০-২০২০)’ শিরোনামে সংবাদ সম্মেলন করে বিডব্লিউএইচসি।

করোনাকালে ২০২০ সালে ৪০ বছরে পা দেয় সংগঠনটি। মহামারির কারণে চার দশক উদযাপন করা হয়নি। তারই অংশ হিসেবে ৪০ বছরের কাজের পর্যবেক্ষণ সবার সামনে তুলে ধরেন সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা শরীফ হেলাল ।

তিনি জানান, সংগঠনটি এখন পর্যন্ত সাত কোটি ৮৮ লাখ ২২ হাজার ৩৫৯ জন নারীকে সেবা ও শিক্ষা দিয়েছেন।

১৯৮৬ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রথমেই সুবিধাবঞ্চিত নারীদের মাসিক নিয়মিতকরণ (এমআর) সেবা দেয়া হয়। অনিরাপদ এমআর’র কারণে মায়ের মৃত্যুঝুঁকি বাড়ে। এ ছাড়া এইডস প্রতিরোধে যৌনকর্মীদের জন্যও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয় বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক আরও বলেন, ‘সন্তান জন্ম দিতে প্রতি এক লাখে ১৬৫ জন মায়ের মৃত্যু হয়। আগের তুলনায় হার কমলেও মৃত্যু শূন্যে পৌঁছায়নি। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয়া হয় না এখনো। গর্ভবতী মাকে যেন হাসপাতালে নেওয়া পর্যন্ত সকল সুবিধা দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading