দুই দিনের সফরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শুক্রবার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৬ ডিসেম্বর) দুই দিনের সফরে পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।
তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর দুই দিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
জানা গেছে, ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যদেরও থাকার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন ৭ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার মোট ২৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। ওইদিনই বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন তিনি।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা পুলিশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।’
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে যাবতীয় প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধনের কাজও শেষ হয়েছে। জেলা, উপজেলার নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।’
ইউডি/এ

