বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না: কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি আগুন সন্ত্রাস, আন্দোলন, হরতাল, অবরোধ ও গণসমাবেশ করে সরকারের পতন ঘটাতে পারবে না। আগামী ১১ তারিখ না, আগামী ডিসেম্বরের ১১ তারিখের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি।’
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী ১১ তারিখ বিএনপি আন্দোলনের নামে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ তৎপর থাকবে। দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সরকারকে সহযোগিতা করবে।’
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ প্রসঙ্গে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বিদেশি বা রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক তৎপরতা অনেক কমে এসেছে। একসময় হ্যারি কে, টমাসের মতো অনেক রাষ্ট্রদূতেরা এদেশে নিজেদের রাজা মনে করতো, এখন এই পরিস্থিতি নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বক্ষেত্রে উন্নয়ন ও আর্থিক অগ্রগতির ফলে বাংলাদেশ আজ অনেক মর্যাদাশীল জাতি। দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে বিএনপির ধর্না দেওয়া বা হাত পাতা জাতির জন্য মর্যাদার নয়। এটিকে মেনেও নেওয়া যায় না।’
এর আগে কৃষিমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে দু’দেশের কৃষি, কৃষিযন্ত্রপাতি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, জলবায়ুসহনশীল কৃষি, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি প্রভৃতি বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।
ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ার রাষ্ট্রদূত প্রণয় ভার্মা জানান, ইন্ডিয়ার মাহিন্দ্রসহ অন্যান্য কৃষিযন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরি স্থাপন করে স্থানীয়ভাবে কৃষিযন্ত্রপাতি তৈরি ও অ্যাসেম্বল এবং খুচরা যন্ত্রপাতি তৈরিতে বিনিয়োগ করে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
এছাড়া দু’দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য সমঝোতা স্মারকের আগ্রহ ব্যক্ত করেন তিনি।
ইউডি/এ

