দুপুরে মিলতে পারে রোদের দেখা
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:২২
আবহাওয়া অফিসের শনিবারের (০৭ জানয়ারি) তথ্য অনুযায়ী, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, এদিন সকালে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও সিলেটে কুয়াশা ছিল না। ময়মনসিংহে পড়লেও এখন তা কেটে গেছে। উত্তর–পূর্ব এবং দক্ষিণ–পশ্চিম অঞ্চল থেকে ধীরে ধীরে কুয়াশা সরে যাচ্ছে। দুপুরে ঢাকাসহ আশপাশের এলাকায় রোদের দেখা মিলতে পারে।

এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এতে উল্লেখ করা হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় গোটা দেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।
ইউডি/এ

