আমেরিকায় পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত, তদন্তের দাবি
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০
আমেরিকার বোস্টনের কেমব্রিজে পুলিশের গুলিতে সৈয়দ ফয়সাল আরিফ (২০) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ নিহত হয়েছেন। পুলিশের গুলিতে ফয়সাল নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড।
দ্রুত এ ঘটনার তদন্ত করে বিচার দাবি করেন তারা। সংগঠনটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফয়সালের নিহতের বিষয়টি নিশ্চিত করে প্রতিবাদ জানানো হয়েছে।
মা-বাবার একমাত্র সন্তান সৈয়দ ফয়সাল আরিফ। পড়াশোনা করতেন আমেরিকার ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের বোস্টন ক্যাম্পাসে। কম্পিউটারবিজ্ঞানে পড়াশোনা করা ছেলেকে নিয়ে মা-বাবা আর স্বজনদের স্বপ্ন ছিল অনেক। কিন্তু পুলিশের একটি গুলিতে সব শেষ হয়ে গেল।
ফয়সালের বাবা মো. মুজিব উল্লাহ বলেন, ‘আমার ছেলের কোনো খারাপ অভ্যাস ছিল না। এমনকি আমাদের পরিবারের কেউ কোনো অপরাধে জড়ায়নি কখনো। দেশেও আমাদের পরিবারের যথেষ্ট সুনাম রয়েছে। ছেলেকে গুলি করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
এর আগে, বুধবার স্থানীয় সময় বিকেলে পুলিশ গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ ফয়সালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফয়সাল চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা ডা. এস এম মজিবুল্লাহ ও সাহেদা দম্পতির একমাত্র ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে আমেরিকা অভিবাসী। তার নানা উত্তর ফটিকছড়ির দাঁতমারার মরহুম সৈয়দ আবুল বশর মাস্টার।

আমেরিকার পুলিশ বলছে, ওই তরুণ পুলিশের দিকে অস্ত্র হাতে এগিয়ে আসছিলেন। মিডলসেক্স কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান বলেন, পরিস্থিতি সামলাতে একজন অফিসার প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়ে। তবে এতে তাকে থামানো যায়নি। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে আসছিলেন। পরে একজন অফিসার তাকে গুলি করেন।
তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। রেনে নামে এক নারী বলেন, ‘অফিসের কেউ কেউ বলেছিলেন, তারা গুলি ছোড়ার শব্দ শুনেছেন। আমরা বাইরে এসে দেখি কেউ একজন দৌড়াচ্ছে। পুলিশ তার পেছনে দৌড়াচ্ছে। তার পায়ে জুতা ছিল না, পরনে শার্ট ছিল না। তার হাতে একটি বই ছিল। যে অফিসার গুলি করেছিলেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তও করা হবে।’
ক্যামব্রিজের মেয়র সুমবুল সিদ্দিকী ও সিটি ম্যানেজার ই-আন হুয়াং এক যৌথ বিবৃতিতে গভীর শোক জানান। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড ফেসবুক পেইজে জানায়, ‘মাত্র বিশ বছর বয়সী ফয়সাল ইউএমএএসএস বোস্টন স্কুলের (অনার্স) ছাত্র ছিলেন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র সন্তান। এরকম একটি ছেলেকে হত্যার ব্যাখ্যা খুঁজতে আমরা ক্যামব্রিজের মেয়র সুম্বুল সিদ্দিকীর সঙ্গে দেখা করব।’
ইউডি/এ

