হাসপাতালের বিল দিতে না পারায় দেশে ফিরতে পারছেন না নায়ক ফারুক

হাসপাতালের বিল দিতে না পারায় দেশে ফিরতে পারছেন না নায়ক ফারুক

উত্তরদক্ষিণ । রবিবার , ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

দেশ বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রায় দুই বছরের মতো হাসপাতলটিতে চিকিৎসা নিয়ে বেশ কিছুদিন ধরে সুস্থ আছেন এক সময়ের জনপ্রিয় এই নায়ক।

সুস্থ হওয়ার সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না তিনি। দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে এর কারণ হিসেবে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছেন, হাসপাতাল বিল পরিশোধ করতে না পারায় তারা দেশে ফিরতে পারছেন না।

তিনি বলেন, ‌‘আপনাদের ফারুক ভাই এখন সম্পূর্ণ সুস্থ। শারীরিক কোনো জটিলতা নেই। দেশবাসীর দোয়া ছিল বলেই আমরা এখন তার হাসিমুখ দেখতে পাচ্ছি।’

দেশে ফেরার প্রসঙ্গে ফারহানা পাঠান বলেন, ‌‘দেশের মাটিতে ফিরতে তো সবারই মন চায়। চাইলেই কী ফেরা সম্ভব! সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসা নিচ্ছি। ওই হাসপাতালের চিকিৎসা অনেক ব্যয়বহুল। অনেক টাকা বিল হয়েছে। সম্পত্তি বিক্রি ও ব্যাংকের টাকা দিয়ে কিছু বিল দিয়েছি। এখন চেষ্টা করছি বাকি বিল পরিশোধের। সব বিল পরিশোধ করলেই কেবল হাসপাতাল থেকে ছুটি মিলবে।’

ফারহানা পাঠান আশা করছেন আগামী মার্চেই দেশে ফিরতে পারেন বরেণ্য এই অভিনেতা।

‘দেশে আসার জন্য ফারুক উদগ্রীব। জমে আছে সংসদীয় এলাকার অনেক কাজকর্ম। দেশে ফিরে কাজগুলো সারবেন বলেছেন। আগামী মার্চের মাঝামাঝি দেশে আসার ইচ্ছা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে টাকা সংস্থানের ওপর। দেখা যাক কী হয়’, যোগ করেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading