বিসিবির সভাপতি পদ নিয়ে মাশরাফি-সাকিব প্রসঙ্গে যা বললেন পাপন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তার সঙ্গে যোগ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজাও।
দায়িত্ব পেলে সব বদলে দেওয়ার কথাও বলেছিলেন সাকিব। কয়েকদিন ধরে চলা এসব মন্তব্যের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার (০৯ জানুয়ারি) এক মাল্টিমিডিয়ায় সাকিব-মাশরাফীদের কথার জবাব দেন তিনি।
সাকিব প্রসঙ্গে পাপন বলেছেন, ‘সাকিব এর আগে একবার বলেছিল, আমি যদি বিসিবির সভাপতি হই তাইলে আমি … (সেরা কী যেন একটা করব), কোথায় জানি বলেছিল। কারণ ও জানে যে, এটা আসলে সম্ভব নয়। বিসিবিতে হলে তো হবে না, তাহলে তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়তে হবে। এটা আসলে অন্য একটা ইস্যু।’
অন্যদিকে মাশরাফীকে বিসিবিতে দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘মাশরাফিকে আমরাও চাই, এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না, ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যে কোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে, ওর সময়।
‘ও সময় দিতে পারবে কি না, কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি, তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও। এগুলো কিন্তু আগে যত সহজ ছিল, এখন যত সময় যাচ্ছে তত কিন্তু কঠিন হচ্ছে। ’
বিপিএলের উদ্বোধনী দিনে মাশরাফীকে প্রস্তাব দিয়েছেন জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘পরশুদিনই তাকে বললাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কি না। এর চেয়ে বেশি আর কী বলব।’
ইউডি/এ

