মার্চে বাঁধনের বলিউড অভিষেক

মার্চে বাঁধনের বলিউড অভিষেক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫

দেশের যে কয়েকজন অভিনয়শিল্পীর মেধা ও দক্ষতার কাছে হেরে গেছে কাঁটাতারের সীমানা তাদের একজন আজমেরী হক বাঁধন। ওপার বাংলার ওটিটি মাধ্যমে আগেই প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে জৌলুস ছড়াচ্ছেন এপারে ওটিটি মাধ্যমে। এবার অপেক্ষায় আছেন বলিউডে অভিষেকের। মার্চে হতে পারে এই কাঙ্ক্ষিত অভিষেক।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন বাঁধন। এ ছবিতে টাবু ও আলি ফজলের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। সিনেমাটি আগামী মার্চে মুক্তির কথা রয়েছে।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘পরিচালক বিশাল ভরদ্বাজ অসম্ভব ভালো ও বিনয়ী একজন মানুষ। শুধু শিল্পী নন, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তিনি খুব ভালো করে জানেন। এটাই তার চর্চা। তার কারণে কাজ করা অনেক সহজ হয়েছে। নেটফ্লিক্সের কর্তাদের পেশাদারিত্বে আমার ভালো লেগেছে। সিনেমায় আমাকে এক বাংলাদেশি মেয়ের চরিত্রে দেখা যাবে। মেয়েটি মিশন নিয়ে ইন্ডিয়ায় যায়। ঘটে নানা ঘটনা। চরিত্র ছোট হলেও গুরুত্ব অনেক।’

গত বছরের আগস্টে ‘খুফিয়া’র ৪৭ সেকেন্ডের টিজার প্রকাশ পায়। এতে কয়েক ঝলকের জন্য উপস্থিত হয়েই মন জয় করে নিয়েছিলেন সবার। শুটিংয়ের সময় পরিচালক ভরদ্বাজ তার প্রশংসা করে বলেছিলেন, ‘আজমেরী, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছ।’ ট্রেলারে তা প্রমাণ করেছিলেন পর্দার সুলতানা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading