বিএনপি দেশের পরিবেশকে অশান্ত করে তুলছে: লিটন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:২৫
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ছয় মাস ধরে বিএনপি নামক একটি দল, একটি বিষফোড়া বাংলাদেশের রাজনীতি ও দেশের সার্বিক পরিবেশকে অশান্ত করে তুলছে। তারা একেক সময় একেক কথা বলছে। কখনো বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, কখনো বলছে নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে। আবার কখনো ২৭ দফা, কখনো ১০ দফা দাবি করছে।
শুক্রবার (১৩ জানুযারি) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ইতোমধ্যে সব বিভাগীয় শহরে সমাবেশ করেছে। তারা একেকটি সমাবেশে একেক রকম ঘোষণা দিয়েছে। তারা বলেছিল ডিসেম্বরের ৩ তারিখের রাজশাহীর ওই সমাবেশ সেমিফাইনাল এবং ১০ তারিখে ঢাকায় হবে ফাইনাল খেলা। বিএনপি বলেছিল তাদের কথিত দুর্গে (রাজশাহী) লাখ লাখ মানুষ হবে। কিন্তু রাজশাহীতে যারা বসবাস করি তারা দেখেছি, বিএনপির সমাবেশে মাত্র ১০ থেকে ১৫ হাজারের বেশি লোক হয়নি। আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের জনসভায় মানুষের ঢল নামবে। এর মাধ্যমে আমরা প্রমাণ করে দেব, জননেত্রী শেখ হাসিনার ডাকে জনগণ প্রস্তুত আছে। বলা মাত্রই যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের আছে।
সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
ইউডি/কেএস

