পাকিস্তানিরা বিএনপি-জামায়াতের ‘প্রভু’: কৃষিমন্ত্রী

পাকিস্তানিরা বিএনপি-জামায়াতের ‘প্রভু’: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পাকিস্তানিরা হচ্ছে বিএনপি-জামায়াতের প্রভু। তারা সেই ধারায় সব সময় চলতে চায়, এজন্য একই কথা বারবার বলছে। তবে বাংলাদেশে সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মন্ত্রী বলেন, ‘সংবিধানে সুস্পষ্ট লেখা আছে, যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, আইনঙ্খলা বাহিনী, আইজিপি, চিফ অফ স্টাফ সকলের দায়িত্ব হবে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করা। কাজেই এদেশে সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে এর নিশ্চয়তা দিতে পারি।’

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী একথা বলেন।

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল, অনেক সক্ষম। তাদের দায়িত্ব দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। সামরিক বাহিনী এবং অন্যান্য সিভিল প্রশাসন এটা মোকাবেলা করবে। এখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব হবে প্রশাসনকে সহযোগিতা করা। আমরা সেটা রাজনৈতিকভাবে করবো।’

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ বর্তমানে উন্নয়নের যাত্রায় রয়েছে। এই উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই। উন্নয়নের মহাসড়কে আমরা রয়েছি। এটাকে আরো গতিময় করতে চাই, আরো বেগবান করতে চাই। করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য আমরা দুই-আড়াই বছর হারিয়েছি। আর একটি দিনও নষ্ট করার কোনো সুযোগ নেই। কোনো হরতাল, অবরোধ করতে দেওয়া হবে না, কঠোর হস্তে সব মোকাবেলা করা হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading