এনডিটিভির প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন নির্বাহীদের পদত্যাগ

এনডিটিভির প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন নির্বাহীদের পদত্যাগ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৪৫

ইন্ডিয়ার প্রভাবশালী গণমাধ্যম নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড-এনডিটিভি থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সুপর্না সিং ও আরও কয়েকজন ঊর্ধ্বতন নির্বাহী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য।

এর আগে ডিসেম্বরে এনডিটিভির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন দুই প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়। তাদের পদত্যাগের পরই এনডিটিভি ছাড়েন কৌশলবিষয়ক প্রধান কর্মকর্তা আরিজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযুক্তি ও পণ্যবিষয়ক প্রধান কর্মকর্তা কাওয়ালজিৎ সিং।

ইন্ডিয়ান বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এনডিটিভির ৬৫ শতাংশের মতো মালিকানা নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এসব পদত্যাগের ঘটনা ঘটল। তবে পদত্যাগের আগে আদানি গ্রুপের কাছে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ শেয়ার বিক্রি করে দিয়েছিলেন প্রণয় ও রাধিকা রায়।

রায়দের কাছ থেকে শেয়ার কিনে নেওয়ার পর চার মাসের মধ্যেই গৌতম আদানি নেতৃত্বাধীন কোম্পানিগুলোর কাছে সম্প্রচারমাধ্যমটির নিয়ন্ত্রণ চলে যায়। এ সময়ের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার অজুহাতে আদানি গ্রুপের কাছে শেয়ার হস্তান্তর ঠেকাতে বেশ কয়েকবার চেষ্টা করে এনডিটিভি। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

আদানি গ্রুপ এনডিটিভি নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের আশঙ্কায় এনডিটিভির ঊর্ধ্বতন নির্বাহী সম্পাদক রভিশ কুমারের নেতৃত্বে অনেক সাংবাদিক পদত্যাগ করেন।

ঊর্ধ্বতন নির্বাহীদের পদত্যাগের কথা জানিয়ে এনডিটিভি জানায়, প্রতিষ্ঠানটি একটি নতুন নেতৃত্ব নিয়ে আসার চেষ্টায় নিয়োজিত যা এনডিটিভির জন্য নতুন কৌশলগত দিকনির্দেশনা এবং লক্ষ্য নির্ধারণ করবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading