ফারদিন হত্যা মামলায় হাজিরা দিলেন বুশরা

ফারদিন হত্যা মামলায় হাজিরা দিলেন বুশরা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা আদালতে হাজিরা দিয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে তিনি হাজিরা দেন।

এছাড়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল আজ। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার প্রতিবেদন জমা দেননি। তাই আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে গত ৫ জানুয়ারি বুশরার পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। এ সময় মামলার বাদী ফারদিনের বাবা নূরউদ্দিন রানা উপস্থিত ছিলেন। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী শামীম হাসান জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে গত ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতারের আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর ১০ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বুশরা।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূরউদ্দিন রানা মামলা করেন।

মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১৬ নভেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading