মেসি, নেইমারও জেতাতে পারলো না পিএসজিকে

মেসি, নেইমারও জেতাতে পারলো না পিএসজিকে

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫

লিগে যেন সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। শেষ কয়েক ম্যাচে ব্যর্থতায় ঘুরপাক খাওয়া পিএসজি দলের মূল তারকা ফুটবলারদের নিয়েও রেনের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ রয়েছে। রোববার (১৫ জানুয়ারি) রাতে লিগ ওয়ানের ম্যাচে রেনের কাছে ১-০ গোলে হেরেছে মেসি-নেইমারদের পিএসজি।

রেনে তাদের ঘরের মাঠে যেন কঠিন এক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পিএসজির জন্য। সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে পিএসজি, বাকি একটি ম্যাচ হয়েছিল ড্র।

রেনের বিপক্ষে এদিন মেসি ও নেইমার শুরুর একাদশে থাকলেও ছিলেন না এমবাপ্পে। বিরতির পর মাঠে নেমেও পিএসজির হয়ে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আনতে পারেননি তিনি।

ম্যাচের ২০ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে পিএসজি। বক্সের সামনে থেকে মেসির বাঁ পায়ের সেই শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ম্যাচের ৫৬ মিনিটে জোড়া পরিবর্তন আনেন গালতিয়ে। উগো একিতিকে ও নর্দি মুকিয়েলের জায়গায় নামান এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে।

দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলের সুযোগ পেয়েছিল রেনে। তবে সে যাত্রায় পিএসজিকে রক্ষা করেন গোলরক্ষক দোন্নারুম্মা। মাইয়ের ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান তিনি।

তবে ম্যাচের ৬৫ মিনিটে পিএসজিকে আর রক্ষা করতে পারেননি দোন্নারুম্মা। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে সতীর্থের কাট-ব্যাকে বাঁ পায়ের শটে রেনকে এগিয়ে নেন হামারি ত্রাওরে। ম্যাচের বাকি সময় কোনো দলই আর গোল করতে না পারলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেনে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading