খাদ্য সংকটে থাকা ৫০ নারীকে অপহরণ

খাদ্য সংকটে থাকা ৫০ নারীকে অপহরণ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

উত্তর বুরকিনা ফাসোতে ৫০ নারীকে অপহরণ করেছে সন্দেহভাজন জিহাদিরা। গত বৃহস্পতি ও শুক্রবার অপহরণের এই ঘটনাগুলো ঘটে। তবে সোমবার খবরটি গণমাধ্যমে প্রকাশ হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

দেশটির সাহেল অঞ্চলের অরবিন্দা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুই দল নারীকে জিহাদিরা অপহরণ করেছে। ওই নারীরা চরম খাদ্য সংকটে পড়ে বন থেকে পাতা ও ফল কুড়াতে বাড়ি থেকে দলবেঁধে বের হয়েছিলেন। পরে দল থেকে তিন নারী পালিয়ে এসে অপহরণের খবর জানান। অরবিন্দা ইসলামী জঙ্গিকবলিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, বৃহস্পতিবার ওই নারীরা খাওয়ার জন্য বন্য পাতা ও ফল কুড়াতে বের হয়েছিলেন। তারা পাতা ও ফল বহনের জন্য ট্রলিও সঙ্গে নিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তারা ফিরে আসেননি, তখন আমরা ভেবেছি তাদের ওই ট্রলিতে বোধ হয় সমস্যা হয়েছে। কিন্তু পালিয়ে আসা তিনজনের কাছ থেকে আমরা জানতে পারি আসল ঘটনা।

জিহাদিরা অরবিন্দে আসা-যাওয়ার সড়ক অবরোধ করে রেখেছে। এলাকাটিতে খাবার সরবরাহ সীমিত থাকায় তীব্র খাদ্য ঘাটতি দেখা দিয়েছে এবং মানবাধিকার পরিস্থিতিও ভয়াবহ। গত মাসে বিক্ষোভকারীরা খাবার পেতে গুদামে হামলা চালিয়েছিল।

বুরকিনা ফাসোতে দশকব্যাপী বিদ্রোহীদের সংঘাতে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত জানুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর সামরিক বাহিনী বিদ্রোহী হামলা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সহিংসতা এখনো চলছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading