জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা : আপিলের শুনানি পেছাল

জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা : আপিলের শুনানি পেছাল

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

দল পরিচালনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে জেলা জজ আদালতে আপিলের পুনরায় শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন নিষ্পত্তি করেন আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতে জি এম কাদেরের আপিল শুনানি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। পরে ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী জি এম কাদেরের পক্ষে আবেদন করেন। আবেদনে জি এম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়। গত ২৪ নভেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করা হয়। সেই আবেদন নামঞ্জুর করেন জেলা জজ আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জি এম কাদের।

পরে গত ৩০ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের আদেশ ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

এ ছাড়া গত ২৯ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading