সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে : এলডিপি

সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে : এলডিপি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

বর্তমান সরকার ‘অগণতান্ত্রিক’ উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা বলেছেন, ‘সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান সরকার ভেঙে খানখান করে দিয়েছে।’

সোমবার (১৬ জানুয়ারি) বিএনপি ঘোষিত ১০ দফা আদায় ও জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভপূর্ব সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।

দুপুরে এলডিপির কারওয়ান বাজারের এফসিডি সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার বাঙালি জাতির সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ আজ গণতন্ত্রবিহীন। আমরা অধিকারবিহীন অবস্থার মধ্যে বিরাজ করছি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা সরকারের পতনের বিকল্প নেই।’

মিছিল পূর্ববর্তী বক্তব্যের পর এলডিপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীরা। মিছিলটি এলডিপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড. এসএম মোরশেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক নিলু, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মালিবাগ মোড়ে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। নিজেরা বাঁচুন এবং দেশ ও জনগণকে রক্ষা করুন।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading