জনগণ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫
আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আমেরিকার বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার- যা দেশটির দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘নিষেধাজ্ঞা নিয়ে আমরা আনন্দিত নই, এটা আমাদের জন্য লজ্জাজনক। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে। জনগণ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।’
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল তার দলের কর্মসূচির দিনে ক্ষমতাসীন দলের নেতাদের কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একই দিনে কর্মসূচি দিলে কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে।’
বিরোধী দলকে দমন করতে ইসরায়েল থেকে নজরদারির প্রযুক্তি কেনা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘মুঠোফোন ও ইন্টারনেট যোগাযোগের ওপর নজরদারি করার জন্য ইসরায়েলি এক কোম্পানির কাছ থেকে প্রযুক্তি ক্রয় করা হয়েছে বলে দেশ বিদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা গভীর উদ্বেগের। একই সঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আড়িপাতার বিষয়ে আইন প্রণয়নের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত সরকার তাদের অবৈধ উপায়ে দখলকৃত ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি ক্রয় ও আড়িপাতার আইন প্রণয়ন করতে চলেছে।’
অবিলম্বে এই সব প্রযুক্তি ক্রয় করা ও আইন প্রণয়নের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।
ইউডি/এ

