১৪ বছরে মানুষের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংকীর্ণ রাজনীতির কারণে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বিএনপি-জামায়াত। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের পাশে থেকেই কাজ করে। সে কারণেই গত ১৪ বছরে দেশের মানুষের ভাগ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।’
বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে দেশের আরও ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন’ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে আরও ৭০টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার, যাতে তৃতীয় পর্যায়ে ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রা শুরু করল কমিউনিটি ভিশন সেন্টার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেয় বিএনপি-জামায়াত।’
সফলভাবে করোনা মোকাবিলা করেছি উল্লেখ করে সরকারপ্রধান আরও বলেন, আমরা সময়মত সঠিক পদক্ষেপ নেয়ার জন্য করোনায় মৃত্যু কম হয়েছে। সাহস করে ভ্যাকসিন এনেছিলাম। মানুষকে বিনামূল্যে দিয়েছি ভ্যাকসিন।
তিনি আরও বলেন, ২০০৯ সালে দেশের হাসপাতালগুলোয় ৩৮ হাজার বেড ছিল। এটি বাড়িয়ে এখন ৬৭ হাজারে উন্নীত করা হয়েছে। চক্ষু ইনস্টিটিউটসহ প্রতিটি ইনস্টিটিউট আওয়ামী লীগের সময়ে প্রতিষ্ঠিত। প্রতিটি বিভাগে শিশু হাসপাতাল হওয়া উচিত। শিশু চিকিৎসার ক্ষেত্রে ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে হাসপাতালের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ট্যাক্স কমানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
পরে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
ইউডি/এ

