বিএনপি ফানুসের মতো, লিক হলেই ফসকে যাবে: শাজাহান খান

বিএনপি ফানুসের মতো, লিক হলেই ফসকে যাবে: শাজাহান খান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৪৫

বিএনপির ১০ দফা ও ‘সরকার মেরামতের রূপরেখার’ সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি এখন ফুলানো ফানুসের মতো হয়ে গেছে। যখন একটু লিক করবে তখনই ফসকে যাবে।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় মাদারীপুর উৎসবের আনন্দ র‌্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি শুধু এখন নয়, শেখ হাসিনা সরকার গ্রহণ করার পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের মানুষকে বিভিন্ন মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু এদেশের মানুষ তাদের কথায় বিভ্রান্ত হয়নি। এখন ১৪ বছর পর এসে বিভিন্ন রূপরেখা আর সরকার মেরামতের নামে যে কথা বলছে, তা মানুষ গ্রহণ করেনি। বরং তাদের প্রত্যাখ্যান করায় তারা ব্যর্থ হয়েছে। রূপরেখা কখনোই সফলতার মুখ দেখবে না।’

বিএনপিকে নির্বাচনে আসার আমন্ত্রণ জানিয়ে শাজাহান খান আরও বলেন, ‘যতই আন্দোলন-সংগ্রাম করুন না কেন, এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে। আমি বিএনপিকে আহ্বান করবো, নির্বাচনী পরিবেশ রক্ষা করে আগামীতে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের রায় দেয়, আমরা মেনে নিব। কিন্তু আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে সরকার বসে থাকবে না। তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।’

এসময় শাহাজান খান মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে ১২ দিন ব্যাপী ‘মাদারীপুর উৎসব’ উপলক্ষে আনন্দ র‌্যালিতে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত সেলিম, কৃষক লীগের সদস্য সাকিলুর রহমান সোহাগ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading