ডেঙ্গুতে সর্বনিম্ন ১ রোগী হাসপাতালে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:২০
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমার ধারা অব্যাহত রয়েছে। রোগটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বনিম্ন একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মশাবাহিত রোগটিতে মোট ৭৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই সময় নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে ২০২৩ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত পাঁচ জনেই স্থির আছে।
শুক্রবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে এক জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগী রাজধানী ঢাকার বাসিন্দা।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। এছাড়া ঢাকার বাইরে ৪০ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩৭৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। এছাড়া চলতি বছরের ১৯ দিনে ডেঙ্গুতে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া সদ্য বিদায়ী ২০২২ এ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ৩৮২ জন। আর বিদায়ী বছরে ডেঙ্গুতে মোট ২৮১ জন মারা গেছেন।
ইউডি/কেএস

