‘সহজ শর্তে ঋণ পাবে পরিবেশবান্ধব ব্লক কারখানা’
উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
ইটের বিকল্প পরিবেশবান্ধব ব্লক কারখানা স্থাপনে সহজ শর্তে ঋণ দেবে সরকার। বুধবার (২৫ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে মতবিনিময় শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ডিসিদের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের দায়িত্বের ব্যাপারে অবহিত করে সহযোগিতা চেয়েছি। টিলা কাটা, বন উজাড় করা, অবৈধ ইটভাটা ও মাটি কাটাসহ পরিবেশের ক্ষতিকর কার্যক্রম বন্ধে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। আইন অনুসারে তারা যাতে পদক্ষেপ গ্রহণ করে, সে বিষয়ে তাদের বলে দেওয়া হয়েছে। ডিসিরাও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
‘ডিসিরা কথা দিয়েছেন, জীববৈচিত্র্য রক্ষায় সরকারি দায়িত্ব তারা পুরোপুরি পালন করবেন’, বলেন মন্ত্রী শাহাব উদ্দিন।
ডিসিদের কাছ থেকে কোনো প্রস্তাব এসেছে কি না জানতে চাইলে শাহাব উদ্দিন বলেন, ‘তারা অনেক কিছু জানতে চেয়েছেন। প্রশ্ন আগে দিয়েছেন, পরিবেশ সচিব সেই জবাব দিয়েছেন। যেমন, জেলাগুলোতে অনেক জায়গায় আমাদের কোনো কার্যালয় নেই। বাংলাদেশের ৬৪টি জেলার ৫০টিতে অফিস আছে, বাকি ১৪টিতে আমাদের অফিস নেই। আমরা তাদের আশ্বস্ত করেছি, বাকি ১৪টি জেলায় পরিবেশ অধিদপ্তরের অফিস করা হবে। সে অনুসারে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।’
পরিবেশবান্ধব ইটভাটা নিয়ে ডিসিদের কাছ থেকে কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কি না; প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশনা দিয়েছি অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে। ২০২৫ সালের মধ্যে সরকারি স্থাপনায় শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা পরিবেশবান্ধব ব্লক যারা বানাবেন, তাদের সহযোগিতা করব। তারা যাতে সহজে ব্যাংক ঋণ পান, সেই ব্যবস্থা করা হবে।’
সে ক্ষেত্রে আগামী বাজেটে কি এ খাতে বরাদ্দ বাড়বে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ। আমরা যত বেশি মানুষকে পরিবেশবান্ধব ইট দিতে পারব, তত বেশি দূষণকারী ইটভাটা বন্ধ করতে পারবো। কারণ ইটের চাহিদা আছে, যা মেটাতে হবে। পরিবেশবান্ধব ব্লক যদি আমরা চাহিদা মেটাতে সক্ষম হই, তাহলে পুরোনো অবৈধ ইটভাটা বন্ধ করা যাবে।’
ইউডি/এ

